
যাত্রী সংকটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এখন পর্যন্ত ১০টি হজ ফ্লাইট বাতিল করতে হয়েছে। ৪ আগস্ট থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার পর এ পর্যন্ত ১০টি ফ্লাইট বাতিল করায় আর্থিক সংকটের মুখোমুখি পড়তে যাচ্ছে বিমান বাংলাদেশ।
এভাবে যাত্রী সংকট চলতে থাকলে আরও বেশি লোকসানের মুখে পড়তে হবে বিমানকে। এদিকে বুধবার বিমান লোকসান কথা বিবেচনা করে আগামী ৭২ ঘণ্টার মধ্যে হজ এজেন্টদের আসন সংরক্ষণপূর্বক টিকেট সংগ্রহ করতে অনুরোধ জানিয়েছে হজ এজেন্টেদের।
এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন জানান, যাত্রী স্বল্পতার কারণে বিমানের এ পর্যন্ত ১০টি হজ বাতিল হয়েছে। বাতিলকৃত ফ্লাইটের কারণে বিমানের হজ যাত্রী পরিবহনে ৫ হাজার আসনের ক্যাপাসিটি খোয়া গেছে। এতে আর্থিক ও মারাত্মক যাত্রী সংকটের মুখোমুখি হয়েছে বিমান। এ অবস্থা থেকে উত্তরণের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব হজ এজেন্টদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিমানে তাদের আসন নিশ্চিত পূর্বক প্রযোজনীয় টিকেট সংগ্রহ করতে অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, চলতি হজ মৌসুমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট ৪ আগস্ট জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে যায়। হজ যাত্রীদের ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে পারাপারের জন্য বিমান নিজস্ব বোয়িং ট্রিপল সেভন উড়োজাহাজ ব্যবহার করছে।
/সিএ/এসটি/








