রাজধানীর আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো উচ্ছেদ করলে সরকারও আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবে বলে মন্তব্য করেছেন কোরিয়ান চেইন রেস্তোরাঁ বি বি কিউয়ের প্রধান আশরাফ উদ-দৌলা। বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘নগর পরিকল্পনা: উচ্ছেদ অভিযান, এরপর কী’ বিষয়ক বৈঠকিতে তিনি এসব কথা বলেন।
আশরাফ উদ-দৌলা বলেন, '১০ বছর ধরে আমার কাছ থেকে কমার্শিয়াল বিদ্যুৎ-গ্যাসের চার্জ নিচ্ছেন। আর ১০ বছর পর এসে বলেন আমি অবৈধ, সেটা কেন হবে? উচ্ছেদ করলে সরকারও আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবে। এছাড়া এ কারণে যে বিশাল বেকারত্ব তৈরি হবে সেটা বিবেচনায় রাখা জরুরি।'
তিনি আরও বলেন, 'আমার রেস্টুরেন্টে ১০০ জন কাজ করে। এটা বন্ধ হয়ে গেলে ১০০ জন বেকার হয়ে যাবে। আমার অনেক ব্যাংক লোন আছে, আমি কী তবে ঋণ খেলাপি হয়ে যাবো। সরকার যেটা চায় আমরাও সেটা চাই। সরকার ট্রাফিক কন্ট্রোল করতে চায়, সুন্দর শহর গড়তে চায়। আমরা সরকারকে সমর্থন দিতে শতভাগ রাজি। সম্প্রতি গুলশানে হলি আর্টিজানে যে ঘটনা ঘটেছে সেটা অপ্রত্যাশিত। এখন এ অঞ্চলের রেস্টুরেন্টগুলোকে সরকার যাবতীয় নিরাপত্তা পরামর্শ দিক। আমরা সেসব করতে রাজি আছি।'
মিথিলা ফারজানার সঞ্চালনায় ‘নগর পরিকল্পনা, উচ্ছেদ অভিযান, এরপর কী’ শীর্ষক এই বৈঠকিতে অংশ নিয়েছেন আইনজীবী ব্যারিস্টার ওমর সাদাত, রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার এমদাদুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ কাজী এম আরিফ, সাউথ ব্রিজ স্কুলের প্রিন্সিপাল জিনাত চৌধুরী, কোরিয়ান চেইন রেস্তোরাঁ বি বি কিউয়ের প্রধান আশরাফ উদ-দৌলা, উইমেন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সঙ্গীতা আহমেদ, সাংবাদিক কাশেম হুমায়ুন এবং বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল।
/ইউআই/এমআর/








