ব্রিটেনে পালিয়ে থাকা ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী চৌধুরী মাঈনুদ্দীনসহ দুই আসামিকে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ। ঢাকা সফররত ব্রিটেনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রী ররি স্টুয়ার্ফের কাছে এ প্রস্তাব দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রবিবার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ররি স্টুয়ার্ফকে এ প্রস্তাব দেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আনিসুল হক।
আনিসুল হক বলেন, ‘এ বিষয়ে আলোচনা শুরু করার সম্মতি দিয়েছেন ব্রিটিশ ওই মন্ত্রী। অবিলম্বে এ আলোচনা শুরু হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরীকেও ফিরিয়ে দিতে প্রস্তাব দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বাংলাদেশে সফরে বিষয়টি নিয়ে তার সঙ্গে আলোচনা করা হবে।’
আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সরিয়ে নেওয়ার বিষয়ে হাইকোর্টের নির্দেশ সম্পর্কে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমি কোনও মন্তব্য করবো না।’
/এসআই/এসএনএইচ/টিএন/








