মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি একদিনের সফরে আগামীকাল সোমবার ঢাকায় আসছেন। ঢাকা-ওয়াশিংটন সম্পর্ককে আরও গভীর ও নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্য নিয়ে কেরি বাংলাদেশে আসছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন।
২০১২ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বাংলাদেশ সফরের চার বছর পরে যুক্তরাষ্ট্রের কোনও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন।
আগামী কাল সকাল ৯ টা ৩০মিনিটের দিকে তার বিশেষ বিমান নিয়ে তিনি বাংলাদেশ আসবেন। তার সফরসূচি নিয়ে জানতে চাইলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট গত সপ্তাহে বলেছেন, ‘এটি ক্রমপরিবর্তনশীল এবং এটি নিশ্চিত যেকোনও সময়ে এমনকি শেষ মুহূর্তে তার সফরসূচির পরিবর্তন হতে পারে। তার ক্রমপরিবর্তনশীল সফর সূচি অনুযায়ী ঢাকায় অবতরণের পর তিনি হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন।দুপুর ১২ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।’
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হবে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়।
আনুষ্ঠানিক আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন মাহমুদ আলী এবং সেখানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের উপস্থিত থাকার কথা।
এ বৈঠকে উভয় পক্ষে ১০জন করে সদস্য থাকবেন।
আনুষ্ঠানিক বৈঠক শেষে পদ্মাতেই ওয়ার্কিং লাঞ্চে অংশ নেওয়ার পর ধানমণ্ডির ২৭ সড়কের ইএমকে সেন্টারে বিকালে একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সন্ধ্যায় বিদায় নেওয়ার আগে বিএনপি নেত্রী খালেদা জিয়া ও বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বাসায় দেখা করবেন।
কেরি সন্ধ্যায় ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওয়ানা দেবেন।
সম্ভাব্য জ্যাম
কেরিকে বিশেষ অথিতির সম্মান দিচ্ছে বাংলাদেশ। এ কারণে তার নিরাপত্তার বিষয়টিও বিশেষভাবে গুরুত্ব পাবে।
এয়ারপোর্ট থেকে তার সম্ভাব্য থাকার জায়গা হোটেল র্যাডিসন পর্যন্ত এবং তার অন্যান্য গন্তব্যস্থলের বিভিন্ন রাস্তায় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি ধানমণ্ডি, প্রধানমন্ত্রীর দফতর, ইস্কাটন ও গুলশান এলাকায় বিচরণের সময়ে রাস্তায় জ্যাম হওয়ার আশঙ্কা আছে বলে মনে করা হচ্ছে।
এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (চ্যান্সারি) জসিম উদ্দিন বলেন, ‘জন কেরির বিশেষ নিরাপত্তা দেওয়া হবে। এ বিষয়ে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে।’
/এসএসজেড/এমএনএইচ/








