কোরবানির পশুর হাটে চাঁদাবাজি করলে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ‘কিছু সমস্যা আছে, যেগুলো তাৎক্ষণিকভাবে সমাধান করা সম্ভব নয়। এ সমস্যা সমাধানের সময় নির্ধারণ করে দেওয়া হবে।’ নগরীর হাজারীবাগ পার্ক কমিউনিটি সেন্টারে বুধবার আয়োজিত ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে স্থানীয় (২২ নম্বর ওয়ার্ড) বাসিন্দারা অংশ নিয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তার সমাধান চান। মেয়র তাৎক্ষণিকভাবে বেশ কিছু সমস্যা সমাধান করে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
স্থানীয় পার্ক সম্পর্কে বাসিন্দাদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘এ পার্কটি সুন্দর, উন্নত ও আধুনিক মানের তৈরি করার জন্য সাড়ে চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শিগগিরই এর কাজ শুরু হবে। হরিজনদের জন্য এগারোটি বাসভবন করে দেওয়া হবে।’
সভায় ঢাকা ওয়াসা, তিতাস গ্যাস, ডিপিডিসি ও পুলিশসহ সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধি, কাউন্সিলর এবং সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।
/ওএফ/এমএনএইচ/








