মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলির ফাঁসি আজ (শুক্রবার) কার্যকর হচ্ছে না। কারা কর্তৃপক্ষের একটি নির্ভরযোগ্য সূত্র বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। কাসেম আলীর ফাঁসি কার্যকরের প্রক্রিয়া শুরু, গণমাধ্যমে এমন সংবাদ আসার পরিপ্রেক্ষিতে সূত্রটি এ তথ্য জানায়।
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন না, এ বিষয়টি মীর কাসেম আলী লিখিতভাবে জানালে তা নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এরপর ফাঁসি কার্যকরের বিষয়টি আসবে।
গত ৩০ আগস্ট একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার আপিলের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ হয়। ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায় আপিল বিভাগ বহাল রাখেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চে এই রায় দেন। ওইদিন সন্ধ্যায় রায়ের অনুলিপি কেন্দ্রীয় কারাগার, জেলা প্রশাসক, আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়। পরদিন কাশিমপুর কাগারে তাকে রায় পড়ে শোনানো হয়। এসময় তার কাছে কারা কর্তৃপক্ষ জানতে চায়, তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবনে কিনা। মীর কাসেম তখন জানা, তিনি চিন্তা করে জানাবেন।
বৃহস্পতিবার মীর কাসেমের কাছে এবিষয়ে সিদ্ধান্ত জানতে চাওয়া হলে তিনি পুনরায় সময় চান। পরে শুক্রবার দুপুরে তিনি জানান, প্রাণভিক্ষা চাইবেন না।
২০১৪ সালের ২ নভেম্বর মীর কাসেমকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
/এআরআর/এআরএল/








