উচ্চশিক্ষায় বিশেষ অবদানের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান দেশি ও বিদেশি দুটি বিশেষ পুরস্কার পাচ্ছেন।
ইউজিসি সূত্রে জানা গেছে, এমটিসি-গ্লোবাল ইন্ডিয়া নামে একটি প্রতিষ্ঠান ‘এমটিসি গ্লোবাল রুশিকুমার পাণ্ডে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাডওয়ার্ড’ দিচ্ছেন অধ্যাপক আবদুল মান্নানকে। আর ‘অধ্যাপক মোবাশ্বের আলী গোল্ড মেডেল-২০১৬’ নামে অন্য একটি পুরস্কার দিচ্ছে বাংলাদেশি একটি প্রতিষ্ঠান।
এমটিসি-গ্লোবাল ইন্ডিয়া পুরস্কারটি দেওয়া হবে আগামী ১৬ সেপ্টেম্বর। ভারতের ব্যাঙ্গালোরে এ দিন আন্তর্জাতিক এমটিসি গ্লোবাল বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইউজিসি চেয়ারম্যান উচ্চশিক্ষার ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
এ বিষয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী ১৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক এমটিসি গ্লোবাল বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত পেয়েছি। সেখানে আমি উচ্চশিক্ষার ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করবো। পুরস্কারটি পাচ্ছি জেনে আমি বেশ আনন্দিত।’
/আরএআর/এসএনএইচ/







