আজিমপুরে জঙ্গি আস্তানায় পুলিশি অভিযানে আহত তিন নারী জঙ্গিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে কঠোর নিরাপত্তায় চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই তিন জঙ্গি হলো শাহেলা, শারমিন ও জেবুন্নাহার।
শাহেলার বুকে ও হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আর শারমিনের শরীরে গুলিবিদ্ধ ছিল। তার শরীর থেকে গুলি বের করা হয়েছে। এই দুজনকে কেবিনে দেওয়া হচ্ছে। জেবুন্নাহারের মাথা ও বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। জানা গেছে, সে আশঙ্কামুক্ত নয়। হাসপাতালে সে নিজের নাম খাদিজা বলে উল্লেখ করেছে। তাকে জরুরি বিভাগের অবজারভেশন রুমে রাখা হয়েছে। এসব তথ্য জানিয়েছেন আবাসিক সার্জন ডা. জেসমিন নাহার।
এছাড়া যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পাহারায় রয়েছে পুলিশ। নিরাপত্তা তদারকির জন্য শাহাবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক হাসপাতালে অবস্থান করছেন।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যার পর আজিমপুরে জঙ্গি আস্তানার খোঁজ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযান চালাতে গেলে ভেতরে থাকা নারী জঙ্গিরা পুলিশকে ছুরিকাঘাত ও মরিচের গুড়া মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আহত অবস্থায় তাদের আটক করে পুলিশ। অভিযানে নিহত হয়েছে জঙ্গি দলটির এক পুরুষ সদস্য।
অভিযানের সময় জঙ্গিদের হামলায় আহত হয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের পাঁচ সদস্য। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
/এমও/এসএ/








