রাজধানীর আগারগাঁও ও পল্টন এলাকায় অভিযান চালিয়ে মানবপাচার ও জিম্মির অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ।
সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. আব্দুল হাই, মনা মিয়া ও শামছু মিয়া। এ সময় তাদের কাছ থেকে মানবপাচারে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সিটিটিসি’র সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. নাজমুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।
তিনি বাংলা ট্রিবিউনকে জানান, ‘সিটিটিসি’র সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম বেশ কয়েকদিন ধরে পরিচালিত গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এই প্রতারক চক্রের সন্ধান পায়। এরপর তাদের গ্রেফতার করা হয়। এ সময় এক ভিকটিমকে উদ্ধার করা হয়। ভিকটিমের নাম আবু খায়ের (২৪)। প্রতারক চক্রটি আবু খায়েরকে মালয়েশিয়াতে আটকে রেখে তার পরিবারের কাছ থেকে চার লাখ টাকা আদায় করে।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত অভিযুক্তরা তাদের অপরাধের কথা স্বীকার করেছেন বলেও জানান নাজমুল ইসলাম।
তিনি আরও জানান, ‘শামছু মিয়া তার নিজস্ব ট্রাভেল এজেন্সি’র মাধ্যমে আবু খায়েরকে ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া পাঠায়। সেখানে তাকে আটকে রেখে আত্মীয় স্বজনদের ফোন দিয়ে ভয় দেখিয়ে বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মোট চার লাখ টাকা আদায় করে। শামছুর অপকর্মে প্রত্যক্ষভাবে সহায়তা করে মনা মিয়া ও আব্দুল হাই।’
আসামিদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ আইনে রমনা থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
/এআরআর/এসএনএইচ/








