সম্প্রতি জঙ্গি ও সন্ত্রাসী হামলার মাস্টার মাইন্ডদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি সুবিদ আলী ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মো. ইলিয়াস আলী মোল্লাহ, মাহমুদ উস সামাদ চৌধুরী, হোসনে আরা বেগম অংশ নেন।
বৈঠকে সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর কার্যক্রম আরও যুগোপযোগী, গতিশীল, কার্যকরী ও আধুনিকায়নের লক্ষ্যে ফলপ্রসূ গোয়েন্দা প্রশিক্ষণ দেওয়া এবং সন্দেহজনক অনলাইন আর্থিক লেনদেন মনিটরিংয়ের সুপারিশ করা হয়। এছাড়া মিটি দেশের ভেতরে ও ক্রসবর্ডার সিকিউরিটি জোরদার করে সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে দেশের নিরাপত্তা সংস্থাগুলোকে আরও বেশি তৎপর হওয়ার সুপারিশ করে।
বৈঠকে সেনা, বিমান ও নৌবাহিনী প্রধানগণ, স্বরাষ্ট্র সচিবসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা, প্রতিরক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে কমিরি সভাপতি সুবিদ আলী ভুইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জঙ্গি ও সন্ত্রাসী হামলার মাস্টার মাইন্ডদের আমরা আইনের আওয়তায় আনার সুপারিশ করেছি। এছাড়া ডিজিএফআই তাদের জনবল ও মাঠপর্যায়ে নিজস্ব অফিস সংকটের কথা জানিয়েছে। আমরা বিষয় দু’টি নিয়ে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে সংসদীয় কমিটির জাতিসংঘের কুয়েত ও লেবানন সফরের বিষয়ে আলোচনা হয়েছে।’
/ইএইচএস/এমএনএইচ/








