দীর্ঘ দু’মাস পর সোমবার থেকে খুলছে ব্রিটিশ কাউন্সিল। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার জন্য গত ২৭ জুলাই থেকে এ প্রতিষ্ঠানটি বন্ধ রাখার ঘোষণা আসে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ২৬ সেপ্টেম্বর সোমবার থেকে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের সব অফিস খোলা থাকবে। সব কার্যক্রম ও পরিসেবা আবারও চালু হবে।’
এর আগে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলা এবং কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের পর নিরাপত্তা পর্যালোচনার জন্য গত ২৭ জুলাই ব্রিটিশ কাউন্সিলের কার্যালয় সাময়িক বন্ধ রাখার ঘোষণা দেয় বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের পরিচালক বারবারা উইকহ্যাম।
বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের পরিচালক বারবারা উইকহ্যাম ওই সময় এক বিবৃতিতে বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশে জনসমাগম স্থলে নিজেদের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ দিন-দিন বাড়ছে। ব্রিটিশ কাউন্সিলের কর্মী ও সেবাগ্রহীতাদের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমরা নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে দেখতে আমাদের অফিস সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর আবার বিট্রিশ কাউন্সিলের কার্যক্রম চালু করা হবে’।
উল্লেখ্য, যুক্তরাজ্যেরর সংস্থা ব্রিটিশ কাউন্সিল শতাধিক দেশে শিক্ষা ও সাংস্কৃতিক যোগাযোগ নিয়ে কাজ করে।
/আরএআর/এমএনএইচ/আপ-এমও/








