জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ ও বিদেশ সফর শেষে শুক্রবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রাষ্ট্র পরিচালনায় ও বহুমাত্রিক অবদান স্বরুপ জাতিসংঘ পদক ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ সঙ্গে করে নিয়ে আসছেন। তাই ফুল ছিটিয়ে সংবর্ধনা জানিয়ে তাকে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত পৌঁছে দেবে লাখো মানুষ। এসময় ১০টি স্পটে অবস্থান নেবে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার বিকালে এক আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘বাঙালি জাতি শেখ হাসিনার হাত থেকে যা পেয়েছে, অন্য কেউ তা দিতে পারেনি। দিন রাত তিনি পরিশ্রম করে যাচ্ছেন। এর প্রতিদানে আমরা কিছু দিতে পারবো না। তাই শুধু ফুল দিয়ে তাকে অভিনন্দন জানানোরে সিদ্ধান্ত নিয়েছি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বিকাল ৫টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন। দলের একাধিক সূত্র এই খবর নিশ্চিত করেছেন। এসময় গণভবনে যাওয়ার পথে বিভিন্ন মোড়ে ফুল আর ফুলের পাঁপড়ি ছিটিয়ে তাকে বরণ করা হবে। বিমানবন্দরের পর খিলক্ষেত, কুড়িল ফ্লাইওভার, হোটেল রেডিসন, কাকলীর মোড়, বনানী, জাহাঙ্গীর গেইট, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিজয় স্মরণী, সামরিক জাদুঘর জাতীয় সংসদ ভবন মোড় এ ১০টি স্থানে রাস্তার দুপাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নেতাকর্মীরা।
সংবর্ধনা দিতে ১৪ দলীয় জোট, আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোও মাঠে থাকবে বলে জানা গেছে।
এদিকে গণসংবর্ধনা উপস্থিত থাকার জন্য এক বিবৃতিতে আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিয়ন, সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণকে অনুরোধ জানিয়েছেন সৈয়দ আশরাফ।
/পিএইচসি/এনএস/







