খাগড়াগড় বিস্ফোরণের দুই বছর: বোমা মিজানকে খুঁজছে কলকাতা পুলিশ

কলকাতা প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৬, ১৪:৫২আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ১৪:৫৬

খাগড়াগড় বিস্ফোরণ

আগামীকাল ২ অক্টোবর রবিবার পশ্চিমবঙ্গে খাগড়াগড় বিস্ফোরণের দুই বছর পূর্ণ হতে যাচ্ছে। এরই মধ্যে কলকাতার আদালতে এ মামলার বিচারকাজ শুরু হলেও মামলাটির অন্যতম আসামি  বোমা মিজান ওরফে জাহিদুল এখনও অধরা। কলকাতার গোয়েন্দা পুলিশের দাবি, বাংলাদেশের এই ‘মোস্ট ওয়ান্টেড’ সন্ত্রাসী ও জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য কলকাতায় ‘কওসর’ নামে আত্মগোপন করে আছে। তাকে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘কওসরের ধরা পড়া এখন সময়ের অপেক্ষা। যে কোনও সময়ে ওই সন্ত্রাসীকে আমরা হাতে পাবো।’

কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারের একটি সূত্রের খবর, গোয়েন্দারা কলকাতা লাগোয়া একটি এলাকায় বোমা মিজান ওরফে কওসরকে এক রকম নজরবন্দি করে ফেলেছেন। তবে সে যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য সতর্কতার সঙ্গে পা ফেলছে পুলিশ। এ বছরের মার্চ মাসে কলকাতার মেটিয়াবুরুজ লাগোয়া এলাকায় একবার ও পরে জেলা হাওড়ার উদয়নারায়ণপুর থেকে বোমা মিজান অল্পের জন্য তাদের হাত ফস্কে পালিয়ে যাওয়ায় এবার তাকে ধরার ব্যাপারে আরও সতর্ক তারা।

২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমান শহরের অদূরে খাগড়াগড়ের একটি দোতলা বাড়িতে ওই বিস্ফোরণের ঘটনায় দু’জন নিহত হয়। কলকাতা পুলিশের দাবি, ওই বাড়িটি ছিল জেএমবি’র আস্তানা। বাড়িটিকে বিস্ফোরক ও বোমা তৈরির কারখানা হিসেবে ব্যবহার করতো তারা।

ওই ঘটনার দিন থেকেই কওসরের নাম সামনে উঠে আসে। সে একটি লাল রঙের নম্বর প্লেটহীন মোটর সাইকেলে চড়ে ওই বাড়িতে আসতো এবং ওই আস্তানায় তৈরি হওয়া দেশি গ্রেনেড ও আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) নিয়ে ওই মোটরবাইকে করেই চলে যেত বলেও দাবি পুলিশের।

কলকাতা পুলিশের একটি সূত্র জানায়, ওই বছরের ফেব্রুয়ারি মাসে ঢাকা থেকে ময়মনসিংহের কারাগারে আসামি স্থানান্তরের সময় ত্রিশালে প্রিজন ভ্যানের ওপর গ্রেনেড ও গুলি ছুড়ে জেএমবি’র জঙ্গিরা। ওই হামলায় বোমা মিজান, সালাউদ্দিন সালেহিন ওরফে সানি এবং মহম্মদ রাকিব হাসান নামের তিন শীর্ষ জেএমবি সন্ত্রাসীকে আসামির গাড়ি থেকে ছাড়িয়ে নিয়ে যায় জঙ্গিরা। পরে পুলিশের গুলিতে রাকিব নিহত হলেও বাকি দু’জন পালিয়ে যেতে সক্ষম হয়। সেই বোমা মিজানই কলকাতায় কওসর নামে আত্মগোপন করে আছে।  

ত্রিশালে প্রিজন ভ্যান হামলা যার নেতৃত্বে হয়েছিল, সেই আনোয়ার হোসেন ফারুক ওরফে জামাই ফারুক এবং খাগড়াগড় বিস্ফোরণ মামলার পাঁচ অভিযুক্তকে কলকাতা পুলিশ গত রবিবার গ্রেফতার করেছে। আর ফারুককে গ্রেফতার করায় এখন কওসরকেও গ্রেফতারের ব্যাপারে আত্মবিশ্বাসী স্থানীয় পুলিশ কর্মকর্তারা।

কলকাতা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, কওসর ছাড়াও বাংলাদেশি সন্ত্রাসী হাতকাটা নাসিরুল্লা ওরফে সোহেল মেহফুজ, তালহা শেখ ওরফে শ্যামল, সালাউদ্দিন সালেহিন, আয়েশা বিবির মতো ওয়ান্টেডদেরও খুঁজছেন তারা। এদের মধ্যে নাসিরুল্লা পশ্চিমবঙ্গে জেএমবি-র প্রতিষ্ঠাতাদের অন্যতম। কওসরের মতো তারও হদিস পেতে ১০ লাখ রূপী পুরস্কার ঘোষণা করেছে এনআইএ। এছাড়াও তালহা শেখ ওরফে শ্যামলও বাংলাদেশি নাগরিক এবং তার জন্যও একই অঙ্কের পুরস্কার ঘোষিত হয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা জানান, নাসিরুল্লার সঙ্গে বাংলাদেশের নব্য জেএমবি-র সদস্যদের যোগসূত্র সম্প্রতি মিলেছে। তবে আয়েশা বিবি বর্ধমানেরই বাসিন্দা। কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়া ৬ সন্ত্রাসীর অন্যতম পশ্চিমবঙ্গ জেএমবি-র শীর্ষনেতা ইউসুফ গাজীর স্ত্রী এই আয়েশা।

গোয়েন্দারা জানাচ্ছেন, মুর্শিদাবাদ জেলার মুকিমনগর মাদ্রাসা ও বর্ধমান জেলার শিমুলিয়া মাদ্রাসায় জেএমবি জেহাদি প্রশিক্ষণ দিত মহিলাদের। এদের প্রশিক্ষক ছিল আয়েশা বিবি। উল্লেখ্য, বাংলাদেশে জেএমবি’র বেশ কয়েক জন নারী জঙ্গি ধরা পড়েছে। কলকাতার গোয়েন্দাদের একটি সূত্রের খবর, অন্তত তিনজন নারী জঙ্গি স্বীকার করেছে পশ্চিমবঙ্গে গিয়ে তারা জঙ্গি প্রশিক্ষণ নিয়েছিল আয়েশার কাছে।

/টিএন/

 আরও পড়ুন: অবসরের আগেই কঠিন প্রতিশোধ নিতে চান রাহিল শরিফ!

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম