ক্ষুদ্র ও পিছিয়ে পড়া লোকদের সার্বিক উন্নয়নে সরকার বদ্ধ পরিকর বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ‘দলিত জনগোষ্ঠীর লোকজন কারও করুণার পাত্র নয়, তাদেরও সমাজে ভালোমতে বেঁচে থাকার অধিকার রয়েছে।’ রবিবার ঢাকায় সিরডাপ মিলণায়তনে ‘দলিত জনগোষ্ঠীর জীবনযাপন উন্নয়ন বিষয়ক’জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শাজাহান খান বলেন, ‘‘দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দলিতদের জন্য বিভিন্ন ক্ষেত্রে ‘কোটা’ ব্যবস্থা রয়েছে। তাদের উন্নয়নে পর্যায়ক্রমে বিভিন্ন বাস্তবধর্মী পদক্ষেপ নেওয়া হবে।’’
ইউরোপীয় ইউনিয়ন এবং খ্রিস্ট্রিয়ান এইড-এর সহায়তায় রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কালেক্টিভ (আরডিসি) এবং নাগরিক উদ্যোগ এ কর্মশালার আয়োজন করে।
আরডিসি’র চেয়ারপারসন অধ্যাপক ড. মেসবাহ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সংসদ সদস্য নাজমুল হক প্রধান, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেইন, খ্রিস্টিয়ান এইড-এর কান্ট্রি ডিরেক্টর শাকেব নবী এবং ইইউ প্রতিনিধি ড. আন্না লিক্সি।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনিরুল ইসলাম খান।
/এসআই/এমএনএইচ/








