গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুর্ণাঙ্গ ইনস্টিটিউট করার দাবিতে নীলক্ষেতে রাস্তা অবরোধ করেছে শিক্ষার্থীরা। এর আগে সকালে কলেজে ‘বিপন্ন উদ্ভিদ সংরক্ষণে শিক্ষাঙ্গনের ভূমিকা’ শীর্ষক অালোচনার প্রধান অতিথির হিসেবে উপস্থিত হলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ওহিদুজ্জামানকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। আধাঘণ্টা অবরুদ্ধ থাকার পর কলেজ কর্তৃপক্ষ তালা ভেঙে তাকে উদ্ধার করেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় আজিপুর থেকে মিরপুর রুটের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে রাস্তায় দীর্ঘ যানজট লেগে যায়।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কলেজের ছাত্রীরা নীলক্ষেত মোড় বন্ধ করে রেখেছে। ফলে যান চলাচলে সমস্যা হচ্ছে। আমরা তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।’
গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুর্ণাঙ্গ ইনস্টিটিউট করার দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা।
/আরএঅঅর/এসএনএইচ/








