দুর্গাপূজা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৬, ০৭:৪১আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ০৭:৫৭

দুর্গাপূজা

উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বৃহস্পতিবার রাতে দুর্গতিনাশিনী দশভুজা দেবী দুর্গার বোধনের মধ্যদিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। শুক্রবার মহাষষ্ঠী পূজা দিয়ে শুরু হবে পাঁচদিনের শারদীয় দুর্গোৎসব। ঢাক-ঢোল, কাঁসর ঘণ্টা, শাঁখের ধ্বনিতে মুখর হয়ে উঠবে সারাদেশের পূজামণ্ডপগুলো।

এদিকে দুর্গাপূজা উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাণীতে বলেছেন, ‘শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমি হিন্দু সম্প্রদায়ের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রতি বছরের ন্যায় এ বছরও সারাদেশে যথাযথ উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় গাম্ভীর্য এবং অনুষ্ঠানাদির মধ্য দিয়ে সাড়ম্বরে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত।’

বাণীতে আরও উল্লেখ করা হয়, বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সমাজে অন্যায়, অবিচার, অশুভ ও অসুর শক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। দুর্গাপূজা কিংবা অন্যান্য পার্বণ বাংলার শাশ্বত ঐতিহ্য ও সংস্কৃতির গভীর থেকে উৎসারিত। তাই ধর্মের গন্ডিতে কখনও আবদ্ধ থাকেনি উৎসব। ধর্ম সম্প্রদায়ের, কিন্তু উৎসব সার্বজনীন হাজার বছর ধরে। সব ধর্মের মূলবাণী মানবকল্যাণ। দুর্গোৎসব সত্য-সুন্দর আর মঙ্গলালোকে উদ্ভাসিত হোক, দূরীভূত হোক সকল অশুভ আর পঙ্কিলতা। আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি এবং ধর্মের মূলবাণী আমাদেরকে মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে উদ্বুদ্ধ করুক। বিশ্ব মানবতার জয় হোক- এ কামনা করি। ধর্মীয় উৎসবের পাশাপাশি দুর্গাপূজা দেশের জনগণের মাঝে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।

তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ঐক্য, পরমতসহিষ্ণুতা আর ধর্মনিরপেক্ষতার চর্চা এ দেশের মানুষের অনন্য বৈশিষ্ট্য। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্যকে অক্ষুন্ন রেখে জাতীয় উন্নয়নে সকলকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে। শারদীয় দুর্গোৎসব সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনকে আরও সুসংহত করুক, কল্যাণময় হোক জগৎবাসীর- এ কামনা করি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে উল্লেখ করেছেন, ‘‘দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। আমার প্রত্যাশা, ‘ধর্ম যার যার, উৎসব সবার’- এ মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা সবাই একসাথে উৎসব পালন করব। সকলে মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। তাই এই দেশ আমাদের সকলের। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার সুনিশ্চিত করা হয়েছে।’’

তিনি আরও উল্লেখ করেন, ‘আমি আশা করি, বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তুলবো। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বীসহ সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি।’

গত ৩০ সেপ্টেম্বর শুক্রবার মহালয়ার মধ্য দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল দেবীপক্ষকে। ১১ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে সমাপ্ত হবে এই মহাউৎসবের। ইতোমধ্যে সারাদেশের সকল পূজামণ্ডপের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিশুদ্ধ পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার ঘোড়ায় চড়ে মর্ত্যলোকে আসেন। আর দেবী স্বর্গালোকে বিদায়ও নেবেন ঘোড়ায় চড়ে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের হিসাব অনুযায়ী, এবার সারাদেশে ২৯ হাজার ৩৯৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। যা গত বছরের তুলনায় ৩২৪টি বেশি। আর রাজধানী ঢাকায় পূজা অনুষ্ঠিত হবে ২২৯টি মণ্ডপে।

জানা যায়, শুক্রবার মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হয়। ৮ সেপ্টেম্বর নবপত্রিকা প্রবেশ, সপ্তমী ও মহাসপ্তমী বিহিত পূজা। ৯ সেপ্টেম্বর মহাষ্টমী, কুমারী পূজা ও সন্ধিপূজা। ১০ সেপ্টেম্বর মহানবমী পূজা এবং ১১ সেপ্টেম্বর দেবীর বিজয়া দশমী অনুষ্ঠিত হবে।

/এসএনএইচ/টিএন/

আরও পড়ুন: সেবা ফরমের দাম বাড়ালো রাজধানীর দুই সিটি করপোরেশন

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম