মেডিক্যালসহ বিভিন্ন পাবলিক পরীক্ষা, চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস ও পরীক্ষার ফলাফল জালিয়াতি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি। গ্রেফতারকৃতরা হলেন, আশরাফ উদ্দিন সৈকত (২০), ওমর ফারুক (১৯) ও ইফাদ আহমেদ অরণ্য (১৯)। শুক্রবার শাহবাগে পাবলিক লাইব্রেরির সামনে থেকে তাদের গ্রেফতার করে ডিবি পশ্চিম বিভাগ। এসময় তাদের এক সহযোগী আলম কৌশলে পালিযে যায়।
শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতারকৃতরা স্যাম নিলম (SAM NILIM), অচেনা সাহায্যকারী ও অরণ্যখান ভাইয়া (ARONNOKHAN vai) নামে ছদ্মনাম ব্যবহার করে ফেসবুকে মেডিক্যালসহ বিভিন্ন পাবলিক পরীক্ষা, নিয়োগ পরীক্ষার প্রশ্ন আগাম দেওয়ার নামে নিজের মোবাইল নম্বর দিয়ে আকর্ষণীয় বিজ্ঞাপন দিত।
তিনি আরও জানান, তারা এসএসসি, এইচএসসিসহ বিভিন্ন পাবলিক পরীক্ষা, নিয়োগ পরীক্ষার ফলাফল পরিবর্তন ও প্রশ্ন ফাঁসের নামে গুজব ছড়াতো। এভাবে তারা প্রতারণার ফাঁদ পেতে বিভিন্ন স্কুল, কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত।
আবদুল বাতেন সংবাদ সম্মেলনে বলেন, এই প্রতারক চক্রটি অনেকদিন ধরে অবৈধভাবে অর্থ উপার্জনসহ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে আসছে। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
/আরজে/এসটি/








