বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ‘আপনাদের সোনার বাংলার স্বপ্ন আমাদেরও স্বপ্ন। বাংলাদেশের উন্নয়নের জন্য ভারত আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত।’ শনিবার রাজধানীর কলাবাগান মাঠে পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ভারতীয় হাই কমিশনার বলেন, এটা আমার বাংলাদেশে প্রথম পূজা উদযাপন। কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ পেয়ে আমি খুবই আনন্দিত। ঢাকা শহর ও বাংলাদেশের অন্যসব গ্রাম-শহরের জাঁকজমকপূর্ণ পূজামণ্ডপগুলো দেখে খুবই খুশি। ইন্ডিয়া ও বাংলাদেশের জনগণ সব অনুষ্ঠান একসঙ্গে উদযাপন করে। অন্যসব অনুষ্ঠানের মতো শারদীয় দূর্গা পূজা ভারত ও বাংলাদেশের জনগণকে আনন্দ ভাগাভাগি করার সুযোগ এনে দেয়।
প্রতিবেশী দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে উল্লেখ করে ভারতীয় হাই কমিশনার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ইন্ডিয়া ও বাংলাদেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাদের অংশগ্রহণকে তিনি ‘গর্বের মুহুর্ত’ বলে জানান। তিনি বলেন, ‘১৯৭১ সালে বঙ্গবন্ধুর উৎসাহে ভারতীয় সেনারা এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধারা একসঙ্গে যুদ্ধ করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতার জন্য একসঙ্গে রক্ত দিয়েছিলেন। এটা ছিল সব ভারতীয়দের জন্য মহান গর্বের মুহুর্ত।’
বাংলাদেশের ভালো প্রতিবেশী হিসেবে একে অপরের পাশে থাকার আশ্বাস দেন ভারতীয় হাই কমিশানার হর্ষ বর্ধন শ্রিংলা। তিনি বলেন, ‘আজ বাংলাদেশ দৃঢ়ভাবে চরমপন্থাকে বর্জন করেছে। প্রগতিশীল সমাজ হিসেবে সাফল্য অর্জন করছে। আমরা অবশ্যই শান্তি ও সম্প্রীতির সঙ্গে ভালো প্রতিবেশী হিসেবে বসবাস করবো। একে অন্যের পাশে থাকবো।’
ভারতীয় হাই কমিশনারের পূজা মণ্ডপ পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
/আরজে/এমপি/








