একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ন্যাপ-কমিউনিস্ট পার্টির গেরিলা বাহিনীর ২ হাজার ৩৬৭ জন গেরিলা যোদ্ধাকে মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দিয়ে জারি করা প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্টের দেওয়া রায় ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। পাশাপাশি ওই দিন বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়।
রবিবার (৯ অক্টোবর) হাইকোর্টের অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
এর আগে ৮ সেপ্টেম্বর বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
২০১৩ সালের ২২ জুলাই গেরিলা বাহিনীর এই যোদ্ধাদের মুক্তিযোদ্ধা হিসাবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। তাদের মধ্যে কমরেড মণি সিংহ, প্রফেসর মোজাফফর আহমেদ ও পঙ্কজ ভট্টাচার্য ছাড়াও অনেক খ্যাতিমান মুক্তিযোদ্ধা রয়েছেন। পরবর্তীতে কোনও কারণ ছাড়াই ২০১৪ সালের ২৯ অক্টোবর সেই প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে গেরিলা যোদ্ধাদের মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়।
এ পরিস্থিতিতে ২০১৪ সালে প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন গেরিলা মুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্য।
/ইউআই/এসটি/








