রাজধানীর মগবাজার ফ্লাইওভারে একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ঘটনার ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার বেলা ১২টা ৫০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। পরে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নেওয়ার পর বিকাল ৩টায় ফ্লাইওভারটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
দুর্ঘটনা কবিলত বাসের যাত্রীরা জানিয়েছেন, গাজীপুর থেকে গুলিস্তানগামী গাজীপুর পরিবহন ও আজমেরি পরিবহনের দুটি বাস ফ্লাইওভারে উঠার আগ থেকেই প্রতিযোগিতা করেছিল। ফ্লাইওভার থেকে নামার সময় গাজীপুর পরিবহনের বাসটি ওভারটেক করতে গেলে উল্টে যায়। এতে অন্তত ১৫-২০ জন আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের মধ্যে রাসেল ও জহুরুল নামের দুজনের অবস্থা আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিসের ঢাকা দক্ষিণের উপ-সহকারী পরিচালক আব্দুল হালিম বাংলা ট্রিবিউনকে জানান, দুটি বাস প্রতিযোগিতা করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। উল্টানোর পর বাস থেকে মবিল রাস্তায় পড়ে যায়। পরে আমরা পানি দিয়ে পরিষ্কার করি। না হলে মবিলে স্লিপ করে আরও দুর্ঘটনা ঘটতে পারে। এখন রাস্তা ক্লিয়ার।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, দুর্ঘটনার পর রাস্তা পরিষ্কার করতে একটু সময় লেগেছে। বেলা ৩টার দিকে ফ্লাইওভারের পূর্ব পাশটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। পশ্চিম পাশেরটা আগে থেকেই স্বাভাবিক ছিল।
আরও পড়ুন: ফ্লাইওভারে উল্টে গেল বাস
/আরজে/এসটি/








