ঢাকার আশুলিয়ায় র্যাবের অভিযানে নিহত নাজমুল হক ওরফে আব্দুর রহমান ওরফে বাবুর স্ত্রী শাহনাজ আক্তার ওরফে রুমির দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম (সিজিএম) আদালতের জ্যেষ্ঠ হাকিম মো. শাহীনুর রহমান এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন। ঢাকা মুখ্য বিচারিক হাকিম আদালতের পরিদর্শক মো. আসাদুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, আশুলিয়া থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় শাহনাজ আক্তারকে মোট বিশ দিন রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোরশেদ মোল্লা। শুনানি শেষে আদালত দুই মামলায় পাঁচ দিন করে মোট দশ দিন রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, পলাতক জঙ্গিদের খুঁজে বের করা এবং অস্ত্রের উৎস সন্ধানে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
গত ৮ অক্টোবর ঢাকার আশুলিয়ায় র্যাবের অভিযানে ছাদ থেকে লাফিয়ে পালাতে গিয়ে আহত হয় আব্দুর রহমান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির মূল অর্থদাতা বলে দাবি করে র্যাব।
এ ঘটনায় নাজমুলের স্ত্রী শাহনাজকে আসামি করে র্যাব-৪-এর উপপরিচালক হুমায়ুন কবির আশুলিয়া থানায় অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে দুটি মামলা করেন। ওই অভিযানের সময় নাজমুল-শাহনাজ দম্পতির তিন সন্তানকেও আটক করা হয়।
/এসআইটি/এসএনএইচ/








