আগামী দিনগুলোতে বাংলাদেশ ও চীনের মধ্যে আরও বেশি উচ্চ পর্যায়ের সফর হবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকের পর পররাষ্ট্রসচিব এম শহীদুল হক সাংবাদিকদের এমন ইঙ্গিত দিয়েছেন।
তিনি বলেন, ‘দু’নেতা আরও বেশি মাত্রায় ভিভিআইপি সফরের বিষয়টি জোরালোভাবে অনুভব করেন এবং এ বিষয়ে আলোচনা হয়েছে।’ সুতরাং সামনের দিনগুলোতে দু’দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে আরও সফর হবে বলে তিনি জানান।
বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ২০১৪ সালে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ এবং ২০১০ সালে চীন সফর করেন।
পররাষ্ট্রসচিব বলেন, ‘দু’দেশের মধ্যে সম্পর্ক পরীক্ষিত এবং সে কারণে এটি অংশীদারিত্বের থেকে কৌশলগত সম্পর্কে উন্নীত হয়েছে।’
কৌশলগত সম্পর্কে সামরিক নিরাপত্তার বিষয়টি আছে কিনা জানতে চাইলে এম শহীদুল হক বলেন, ‘আমরা বর্তমানে দু’দেশের জনগণের জন্য কাজ করছি।’
দু’দেশের মধ্যে যে ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে, তার মধ্যে কোনও সামরিক চুক্তি আছে কিনা জানতে চাইলে তিনি নেতিবাচক উত্তর দেন।
এসএসজেড/ এপিএইচ/








