রাজশাহী বিভাগীয় কমিশনার অফিসে বিভাগীয় টাস্কফোর্স কমিটির সভায় অংশ নিতে এসে চেয়ারে বসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম।
এ বিষয়ে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এসএ টিভির ফেসবুক পেজে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে সংগৃহীত সিসিটিভির ফুটেজ প্রকাশ করা হয়েছে। ফুটেজটি এসএ টিভির সৌজন্যে বাংলা ট্রিবিউনের পাঠকদের জন্য দেওয়া হলো।
ওই ফুটেজে দেখা যায়, মিটিং শুরু হওয়ার আগে টেবিলে ফাইল রেখে মো. জাহিদুল ইসলাম দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছেন। এসময় তার পাশে একজন নারীসহ আরও কয়েকজন সহকর্মী দাঁড়িয়ে কথা বলছিলেন। তারা পরস্পরের সঙ্গে ইশারায় কুশলও বিনিময় করেন। এ সময় মোবাইল ফোনে কথা বলতে বলতে সভাকক্ষের দরজার বাইরে যান। কিছুক্ষণের মধ্যে কথা শেষে বাইরে থেকে নিজের চেয়ারের দিকে যাওয়ার পথে কক্ষের ভেতরেই হঠাৎ করে লুটিয়ে পড়েন তিনি। পরে সহকর্মীরা তাকে ধরে হাসপাতালে নেন।
উল্লেখ্য, সোমবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার অফিসে বিভাগীয় টাস্কফোর্স কমিটির সভায় অংশ নিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম। এ সময় তিনি তার সহকর্মীদের দ্রুত মেডিক্যালে নেওয়ার অনুরোধ করেন। পরে সহকর্মীরা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উল্লেখ্য, গোপালগঞ্জ জেলার অধিবাসী মো. জাহিদুল ইসলাম চলতি বছরের ২৭ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।
/এসএনএইচ/টিএন/আপ-এইচকে/








