ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নাজমুল কাওনাইন দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার লন্ডনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ভার বুঝে নেন তিনি। আগের হাইকমিশনার আবদুল হান্নান অবসরে যাওয়ায় নাজমুল কাওনাইনকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। পেশাদার কূটনীতিক নাজমুল কাওনাইন ইতিপূর্বে ইন্দোনেশিয়াতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৯৮৫ সালে বিসিএস ফরেন সার্ভিসের মাধ্যমে কূটনীতিক জীবন শুরু করে নাজমুল কাওনাইন। তার বর্ণাঢ্য কর্মজীবনে জাতিসংঘের স্থায়ী মিশন, সংযুক্ত আরব আমিরাত, ওয়াশিংটন, পাকিস্তান ও লন্ডনে বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
শিক্ষাজীবনে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন কাওনাইন। পরে তিনি জেনেভার ‘গ্র্যাজুয়েট ইন্সটিটিউট অবি ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্টস স্টাডিজ’ (জিআইআইএস) থেকে কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করেন।
/এসটি/








