ইংলান্ডের সঙ্গে দ্বিতীয় টেস্টে জয় লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অভিনন্দন জানানো হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
গত রবিবার মিরপুরে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে ইংল্যান্ডকে ১০৮ রানে হারায় বাংলাদেশ। এ জয়ের ফলে ১-১ ব্যাবধানে ইংল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করলো বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে টাইগারদের এটিই প্রথম কোনও টেস্ট জয়। এর আগে মোট ৯ বার টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হলেও এতদিন তাদের বিপক্ষে জয় শূন্য ছিল বাংলাদেশ।
এছাড়া আজকের বৈঠকে রাজস্ববান্ধব সংস্কৃতি গড়ে তুলতে জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা-২০১৬ (সংশোধিত) এর খসড়া, সরকারের মন্ত্রণালয় ও বিভাগসমূহের ২০১৫-১৬ অর্থবছরের কার্যাবলী সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আইন-২০১৬, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট আইন-২০১৬ এবং বাংলাদেশ কর্তৃক ডিএইচ সনদ অনুসমর্থনের প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিসভা কমিটি।
/এসআই/এসএনএইচ/টিএন/








