দিনাজপুরের পার্বতীপুরে ধর্ষণের শিকার হওয়া ৫ বছর বয়সী সেই কন্যাশিশুটির অবস্থার আরও উন্নতি হয়েছে। সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকরা এ তথ্য জানিয়েছেন।
ঢামেকের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়ক ড. বিলকিস বেগম বলেন, ‘ইতোমধ্যে শিশুটির বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন আমাদের হাতে এসেছে। আগামীকাল পূর্ণাঙ্গ বোর্ড বসবে। পরবর্তীতে কী ব্যবস্থা নেওয়া হবে বোর্ডে সেই সিদ্ধান্ত হবে।’
গত ১৮ অক্টোবর পার্বতীপুরে এই পাঁচ বছরের শিশুটি নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খুঁজেও ওইদিন তার সন্ধান পায়নি। পরদিন ভোরে শিশুটিকে তার নিজ বাড়ির কাছে ফসলের ক্ষেত থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির চারদিন পর ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়।গত বুধবার সকালে তাকে অপারেশন করার কথা থাকলেও ক্ষতস্থানে সংক্রমণ থাকায় অপারেশনের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
এ ঘটনায় গত ২০ অক্টোবর নির্যাতিতা শিশুর বাবা একই গ্রামের জহির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪২) ও আফজাল হোসেন কবিরাজকে (৪৮) আসামি করে পার্বতীপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে এ ঘটনায় ধর্ষক সাইফুল ইসলামকে আটক করে পুলিশ।অপর আসামি আফজাল এখনও পলাতক।
/এআইবি/এমডিপি/টিএন/








