ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মন্ত্রী ছায়েদুল হকের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী পার্টি। এছাড়া তার কুশপুত্তলিকা পোড়ানো এবং ঝাড়ু মিছিল করা হয়।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী পার্টি এক মানববন্ধনে এ দাবি জানায়।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে মিঠুন চৌধুরী বলেন, 'সরকারের মন্ত্রী কোনও জাত বা ধর্মের প্রতি দুর্বল থাকে না। সংবিধান ২ এর 'ক' তে স্পষ্ট উল্লেখ আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম। তবে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ অনান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করবেন। কিন্তু রাষ্ট্রের একজন মন্ত্রী যখন একটি ধর্ম বা সম্প্রদায়কে উদ্দেশ করে কটূক্তি করে তখন তার শপথ বাক্য ভঙ্গ হয়।'
তিনি আরও বলেন, মন্ত্রী যে অপরাধ করেছেন তাতে তার আর মন্ত্রী থাকার অধিকার থাকে না। এসময় তাকে মন্ত্রিত্ব থেকে বহিষ্কার ও উপযুক্ত বিচার দাবি করেন তিনি।
ক্ষতিপূরণ দাবি করে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে পুনর্বাসনের জন্য ২০ লাখ ও প্রত্যেক মন্দিরকে ২৫ লাখ টাকা সরকারিভাবে দিতে হবে।
/আরএআর/এসটি/








