হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আনসার সদস্য সোহাগ মিয়াকে (২৮) হত্যার ঘটনায় মামলা দায়ের করেছেন আনসারের কোম্পানি কমান্ডার আশরাফুল ইসলাম। সোমবার দুপুরে বিমানবন্দর থানায় তিনি এই মামলা করেন। বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ মো. নূরে আজম মিয়া এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে আমর্ড ব্যাটেলিয়ন (এপিবিএন)। কমটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। এপিবিএন-এর অতিরিক্ত ডিআইজি হাসিব আজিজকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে।
প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন আনসার সদস্য সোহাগ মিয়া (২৮)। এছাড়া এ ঘটনায় আহত হন আরও তিনজন। আহতদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক যুবক বিমানবন্দরের তিন নম্বর গেট দিয়ে প্রবেশ করার চেষ্টা করে। এয়ারপোর্টের ক্লিনারদের মতো হলুদ টি শার্ট পরা থাকলেও তার কাছে ডিউটি পাস ছিল না। এজন্য গেটে থাকা নিরাপত্তাকর্মীরা তাকে বাধা দেয়। তখন সে আনসার সদস্যকে ছুরিকাঘাত করে ভেতরে প্রবেশ করে। ভেতরে দায়িত্বে থাকা আর্মড পুলিশ সদস্য আশিক তাকে আটকাতে গেলে তাকেও আঘাত করে ওই যুবক।
/সিএ/এসটি/








