বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিমান বাহিনীর কমান্ডার ইন চিফ জেনারেল খিন অং মিন্ট। সোমবার রাজধানীতে বিমান বাহিনীর সদরদফতরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সৌজন্য সাক্ষাতকালে উভয়ই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এছাড়া তারা বাংলাদেশ ও মায়ানমার সশস্ত্র বাহিনীর মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পারিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।’
এ সময় বিমান বাহিনী সদরদফতরের পিএসও এবং উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এদিকে, মিয়ানমার বিমান বাহিনীর কমান্ডার ইন চিফ বাংলাদেশের বিমান বাহিনীর সদরদফতরে এসে পৌঁছালে বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট তাঁকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এছাড়াও তিনি বিমান বাহিনী সদরদফতর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে যান এবং সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদৎ বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বাংলাদেশে অবস্থানকালে মিয়ানমারের বিমান বাহিনীর প্রধান বঙ্গভবন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, সেনা সদর, নৌ সদর, সশস্ত্র বাহিনী বিভাগ, ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, ন্যাশনাল ডিফেন্স কলেজ, বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বিমান বাহিনী জাদুঘর ও হীরণ পয়েন্টসহ বিভিন্ন সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন। এছাড়া তিনি বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু পরিদর্শনকালে ঘাঁটির বিভিন্ন ফ্লাইং স্কোয়াড্রন, ২১৪ মেইনটেন্যান্স এবং ওভারহোলিং ইউনিট পরিদর্শনসহ বিভিন্ন স্ট্যাটিক ডিসপ্লে প্রত্যক্ষ করবেন।
মিয়ানমারের বিমান বাহিনীর প্রধান গত ৬ নভেম্বর সরকারি সফরে বাংলাদেশে আসেন। সফরশেষে আগামী ১১ নভেম্বর তিনি ঢাকা ত্যাগ করবেন।
/এসএনএইচ/








