বেসরকারি মেডিক্যাল কলেজ নীতিমালার শর্ত পূরণ না করে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া চারটি মেডিক্যাল কলেজ ২০১৬-১৭ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। আগামী এক বছরের মধ্যে শর্তসমূহ পূরণ করতে না পারলে কলেজের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।
মেডিক্যাল কলেজগুলো হলো, রংপুরের নর্দান মেডিক্যাল কলেজ, গাজীপুরের সিটি মেডিক্যাল কলেজ, আশুলিয়ার নাইটিঙ্গেল মেডিক্যাল কলেজ এবং আশিয়ান মেডিক্যাল কলেজ।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত বেসরকারি মেডিক্যাল কলেজে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।
সম্প্রতি বিভিন্ন মেডিক্যাল কলেজ পরিদর্শনের ফলে শর্তাবলি পূরণ না করার বিষয়টি চিহ্নিত হওয়ায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ডিসেম্বরের মধ্যে দেশের সব বেসরকারি মেডিক্যাল কলেজ পরিদর্শন কাজ শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন। খবর বাসস।
/এসটি/








