বাংলাদেশ এখন শতভাগ টিটেনাস মুক্ত বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে এখন মা ও শিশুদের টিটেনাস হয় না। গত এক বছর বিষয়টি পর্যবেক্ষণের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ সনদ দিয়েছে।
এ সময় স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১২ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন করা হবে। এবারের প্রতিপাদ্য ‘সেবার মান বৃদ্ধি করি, সবার প্রত্যাশা পূরণ করি’।
/এসআই/বিটি/








