দিনাজপুরে পাশবিক নির্যাতনের শিকার শিশু পূজা ক্রমেই সুস্থ হয়ে উঠছে বলে জানালেন চিকিৎসারত ৯ সদস্যের মেডিক্যাল বোর্ডের চিকিৎসক ও ওয়া নস্টপ ক্রাইসিস সেন্টারের সমন্বয়ক ডা. বিলকিস বেগম।
বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, স্বাভাবিক হয়ে ওঠার কারণে গত কয়েকদিন ধরে হাঁটতে চাইছে। হাসিখুশি আছে। খেলাধূলা করছে। সোমবার তাকে নিয়ে পূর্ণাঙ্গ মেডিক্যাল বোর্ড বসবে এবং অস্ত্রোপচার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর দিনাজপুরের পার্বতীপুরে পাঁচ বছর বয়সী শিশু পূজা নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খুঁজেও ওইদিন তার সন্ধান পায়নি। পরদিন ভোরে পূজাকে তার নিজ বাড়ির কাছে ফসলের ক্ষেত থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির চারদিন পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। গত ২৬ অক্টোবর তার অপারেশন করার কথা থাকলেও ক্ষতস্থানে সংক্রমণ থাকায় অপারেশনের সিদ্ধান্ত বাতিল করা হয়।
নির্যাতনের ঘটনায় গত ২০ অক্টোবর নির্যাতিতা শিশুর বাবা একই গ্রামের জহির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪২) ও আফজাল হোসেন কবিরাজকে (৪৮) আসামি করে পার্বতীপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে এ ঘটনায় ধর্ষক সাইফুল ইসলামকে আটক করে পুলিশ। অপর আসামি আফজাল এখনও পলাতক রয়েছে।
/এআইবি/এইচকে/








