একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের তিন অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের (আইসিটি) তদন্ত সংস্থা। সংস্থার প্রধান সমন্বয়কারী আব্দুল হান্নান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলো মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা আব্দুল আজিজ ওরফে হাবুল (৬৪), আব্দুল মতিন (৬৩) ও আব্দুল মান্নান ওরফে মনাই (৬৪)। এদের মধ্যে হাবুল ও মনাইকে চলতি বছরের ২ মার্চ গ্রেফতার করা হয়। তারা বর্তমানে জেলে রয়েছে। অপর অভিযুক্ত আব্দুল মতিন বর্তমানে পলাতক রয়েছে।
তদন্ত সংস্থার প্রধান আব্দুল হান্নান জানান, অভিযুক্তরা সবাই মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে একাত্তরে বড়লেখা এলাকার বিভিন্ন স্থানে অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা ও গণহত্যার অভিযোগ রয়েছে। গত ১৬ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত তদন্ত করে ২৫০ পৃষ্ঠার প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
এপিএইচ/








