অবৈধ ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) পদ্ধতির বিরুদ্ধে শিগগিরিই অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কেবল টিভি অপারেটরদের সংগঠন বাংলাদেশ কেবল ওনার্স অ্যাসোসিয়েশনের (কোয়াব) নেতাদের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। এ সময় তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি টিভি চ্যানেল মালিকদের ক্যারেজ ফি দেওয়ার আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, ‘কেবল টিভি অপারেটরদের লাইসেন্স নবায়ণ ফি কমানোর বিষয়টি আমার এখতিয়ার বর্হিভূত। বিষয়টি আমি অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করবো। একই সঙ্গে কেবল টিভি নেটওয়ার্ক ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যারা সন্ত্রাসের শিকার হচ্ছেন সে বিষয়টি আইন শৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করবো।’
তিনি আরও বলেন, ‘কেবল টিভি ব্যবসায়ীদের লাইসেন্সধারীর সংখ্যা বাড়ানোর বিষয়টি বিবেচনায় আছে।’
হাসানুল হক ইনু বলেন, ‘কেবল টিভি নেটওয়ার্কের বিষয়টি পুরোপুরি ডিজিটাল করা হবে। আগামীতে এমন টিভি বের হবে সেখানে তার দিয়ে ডিশ লাগানোর প্রয়োজন হবে না। তাই ডিজিটাল পদ্ধতিতে তখন ডিশ ব্যবসা কিভাবে চালু রাখা যায় সে বিষয়ে পরিকল্পনা করুন।’
তিনি আরও বলেন, ‘দেশে তামার তারের পরিবর্তে ফাইবার অপটিক আমদানির ক্ষেত্রে ট্যাক্স কমানোর বিষয়টি অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করবো।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন- তথ্য সচিব মর্তুজা আহমেদ, বিটিভি মহাপরিচালক হারুনুর রশিদ, ক্যাবল ব্যবসায়ী মীর হোসাইন আক্তার প্রমুখ।
/এসআই/এসএনএইচ/








