১৫ই আগস্ট জন্মদিন পালন সংক্রান্ত মামলায় দলীয় প্রধান খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার প্রতিবাদে আগামী ২১ নভেম্বর সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসুচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার রাতে স্থায়ী কমিটির বৈঠকে এই কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয়। কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম।
এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সামগ্রিক নীল নকশার অংশ হিসেবে এবং রাজনীতি থেকে নিশ্চিহ্ন করার অংশ হিসেবেই খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এতে আরও প্রমানিত হলো বিচার বিভাগ স্বাধীন নয়।’
এর আগে রাত ৯টা ৫ মিনিটে শুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে এ বেঠক শুরু হয়।
বৈঠকে স্থায়ী কমিটির সদস্যদের মধ্য উপস্থিত রয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহম্মদ, তরিকুল ইসলাম, মির্জা আব্বাস, গয়েশর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও লে. জে. (অব.) মাহবুবুর রহমান। তবে অসুস্থতার কারণে বৈঠকে আসতে পারেনি এমকে আনোয়ার।
/এসটিএস/এমডিপি/








