এর আগেও ডিম ব্যবসায়ীদের টাকা ছিনতাই করেছে পুলিশ

আমানুর রহমান রনি
১৮ নভেম্বর ২০১৬, ২১:৩০আপডেট : ১৮ নভেম্বর ২০১৬, ২১:৩৪

পুলিশ কনস্টেবল লতিফুজ্জামান

রাজধানীর তেজগাঁওয়ের ডিম ব্যবসায়ীদের সড়কে আটকে এর আগেও টাকা ছিনতাই করেছে বলেও অভিযোগ করেছে তেজগাঁও ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আমানতুল্লাহ। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছেও অভিযোগ করা হয়েছে। ব্যবসায়ীরা তার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

শুক্রবার ভোরে আলো ফোটার আগেই এক ব্যবসায়ী কারওয়ান বাজারের পান্থকুঞ্জের পাশে আটকে ট্রাফিক পুলিশের দুই সদস্য ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় ভুক্তোভোগীর সাহসিকতায় ধরা পড়েন। পরবর্তীতে তাদের পুলিশে সোপর্দ করা হয়। এই ঘটনায় ভুক্তোভোগী ব্যবসায়ী আব্দুল বাসির মনা বাদি হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ২৫। এ ঘটনার পর শাহবাগ থানায় আসেন ডিম ব্যবসায়ী সমিতির নেতারা।

সমিতির সভাপতি আমানতুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত পাঁচবছর ধরে এমন ঘটনা ঘটছে। পুলিশের পোশাক পরে কখনও ছিনতাই, কখনও ডাকাতি হয় আমাদের ব্যবসায়ীদের গাড়িতে। গত চার থেকে পাঁচ মাস ধরে এই মাত্রা বেড়েছে। আমরা ভাবতাম তারা ভুয়া পুলিশ। তবে আজকে ঘটনার পর আমাদের চোখ খুলে গেছে।’

শুক্রবার ভোর ৫টার দিকে রাজধানীর লালবাগে ডিম সাপ্লাই দিয়ে ভাড়া করা একটি ভ্যানে করে টাকা নিয়ে আব্দুল বাসির মনা তেজগাঁওয়ে ডিমের আড়তে ফিরছিলেন। তার সঙ্গে ৪০ হাজার টাকা ছিল। এ সময় পান্থকুঞ্জের পাশে মোটর সাইকেলে থাকা দুই পুলিশ কনস্টেবল তাদের গতিরোধ করেন।

মনা বলেন, ‘তারা আমাদের জিজ্ঞেস করে ‘কই গেছিলি? গাঁজা খাস? পকেটে গাঁজা আছে? এ সময় আমি টাকা ও পকেটে থাকা চাবি বের করলে তারা টাকা টান দিয়া মোটরসাইকেল টান দেয়। আমি পেছন থেকে আনসারের ওই সদস্যকে ঝাপটে ধরি। মোটরসাইকেল পড়ে গেলে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার দেই। তবে পুলিশের পোশাক দেখে অনেকেই সাহায্যের জন্য আসতে চায়নি। পরে আশপাশের লোকজন ও দায়িত্বরত পুলিশ এসে শাহবাগ থানায় খবর দেয়। শাহবাগ থানা একজন কনস্টেবলকে ধরতে পারলেও অপরজন পালিয়ে যায়।’

এরপর ডিম ব্যবসায়ীরা সবাই শাহবাগ থানায় চলে যান। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক গ্রেফতারকৃত কনস্টেবলকে জিজ্ঞাসাবাদ করেন। এসময় ওই কনস্টেবল তার নাম জানায় লতিফুজ্জামান। পালিয়ে যাওয়া কনস্টেবলের নাম রাজিকুল খন্দকার।

শুক্রবার সন্ধ্যার পর গুলশান এলাকা থেকে পুলিশ পলাতককেও গ্রেফতার করেছে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি অস্বীকার করেন।

শাহবাগ থানার ওসি বাংলা ট্রিবিউনকে জানান, তারা দুজনেই ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের গুলশান জোনে কর্মরত। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আমানতুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের গাড়িগুলো খুব ভোরে বের হয়। ঢাকাসহ সারা বাংলাদেশে এখান থেকে ডিম সরবরাহ করা হয়। রাজধানীর কারওয়ান বাজার, জাহাঙ্গীর গেইট, মহাখালী ফ্লাইওভারের নীচে, বনানী ও কুড়িল বিশ্বরোডে আমাদের গাড়িগুলো পুলিশের ইউনিফর্ম পরা ব্যক্তিরা তল্লাশির নাম করে ব্যবসায়ীদের হয়রানি করেন।’

তিনি বলেন, ‘গত সপ্তাহে জাহাঙ্গীর গেটের সামনে বসে সফর আলী ডিমের আড়ৎদারের গাড়ি থামিয়ে পুলিশ এক লাখ ৪০ হাজার টাকা নিয়েছে। এরও এক সপ্তাহ আগে মহাখালী থেকে আশেক হারুন নামে এক ডিম ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়েছে। এসব ঘটনা অহরহ ঘটছে।’

এসব ঘটনায় কোনও মামলা করেছিলেন কিনা- এমন প্রশ্নের জবাবে ডিম ব্যবসায়ী সমিতির নেতা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাগুলোর সময় পুলিশের সার্জেন্ট থাকে, তাদের মোটরসাইকেল থাকে, তারা সবাই পোশাক পরা থাকে। তাদের সামনেই এসব ঘটনা ঘটছে। তাহলে মামলা করে লাভ কি? সত্যি কথা বলতে কি, অনেকের গাড়ির কাগজপত্র ঠিক থাকে না, সেজন্য ঝামেলা এড়াতে কেউ মামলা করতে যায় না।’

‘তেজগাঁওয়ের স্টেশন রোডে ডিম ব্যবসায়ীদের এই আড়ৎ। সেখানে ৮৬ জন প্রধান আড়ৎদার রয়েছেন। প্রত্যেকের আবার গড়ে পাঁচজন কর্মচারী রয়েছে। প্রতিদিন ৬০ থেকে ৭০ লাখ ডিম এখান থেকে আসে যায়। কারণ বাংলাদেশে এটাই প্রধান ডিমের আড়ৎ।’ ব্যবসায়ী এই নেতা যোগ করেন।

ডিম ব্যবসায়ীদের ডিম সরবরাহের কাজ মূলত ভোর ৫টা থেকে ৬টার মধ্যেই হয়ে থাকে।

ছিনতাই কাজে ব্যবহৃত পুলিশের মোটরসাইকেল

পুলিশের এমন চাঁদাবাজির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছেও অভিযোগ করেছেন ব্যবসায়ী নেতারা।

সিমিতির সভাপতি বলেন, ‘আমরা ইতোমধ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে। তিনি আমাদের এলাকার জনপ্রতিনিধি। তিনি বিষয়টি দেখবেন বলেও জানিয়েছেন। তার নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করবো।’

ঢাকা উত্তর ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) প্রবীণ কুমার দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই ঘটনায় দুজনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। মামলা হয়েছে। ঘটনা তদন্তে আমাদের পুলিশের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

ঘটনার রমনা জোনের সহকারী কমিশনার (এসি) ইহসানুল ফেরদাউস জানান, ‘ভুক্তভোগীরা দুই ছিনতাইকারীর একজনকে আনসার সদস্য মনে করলেও আমরা খবর পেয়েছি তিনিও পুলিশের কনস্টেবল এবং ট্রাফিকের উত্তর বিভাগেই কর্মরত।’

তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা আগে শুননি। পুলিশ বাহিনী কোনও ব্যক্তিগত অপরাধের দায় নেবে না। আমরা অতীতের মতো এসব ঘটনায় জিরো টলারেন্স দেখাব। কোনও ছাড় দেওয়া হবে না।’

/এআরআর/এইচকে/ 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম