দেশে হাওরের বৃহত্তর উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে হাওর তথ্য সংগ্রহশালা আয়োজিত বৈচিত্রময় হাওর প্রকাশনার মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বৈচিত্র্যময় হাওর সম্পাদনা করেছেন কারার মাহমুদুল হাসান।
মন্ত্রী বলেন, ইতোমধ্য দেশে হাওরের আয়তন ও আকার অনেক কমেছে। তবে এটিকে সংরক্ষণের দায়িত্ব আমাদের। তাছাড়া হাওর নিয়ে সরকারের অনেক পরিকল্পনা ও বিভিন্ন উদ্যোগ রয়েছে। এসব বাস্তবায়নে সরকারের দৃঢ় মনোভাব রয়েছে।
তবে সমন্বয়হীনতার অভিযোগ তুলে মুহিত বলেন, হাওর নিয়ে সরকারের যেমন অনেক পরিকল্পনা রয়েছে তেমনি সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে রয়েছে সমন্বয়ের অভাব। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবাইকে নজর দিতে হবে।
তিনি বলেন, আগে হাওরে অনেক মানুষের লাশ পাওয়া যেতো। তবে বর্তমানে তা অনেক কমেছে। তাছাড়া সরকার এ ধরনের সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।
এ সময় আগের তুলনায় হাওরের উন্নয়ন কম হচ্ছে বলেও মন্ত্রী মন্তব্য করেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই এর সভাপতি ইলিয়াস কাঞ্চন, সেন্টার ফর ডেভেলপমেন্ট রিসার্চের সভাপতি ড. মীজানুর রহমান শেলী, নেত্রকোনা চার আসনের সংসদ সদস্য রেবেকা মোমিন, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন প্রমুখ।
/আরএআর/টিএন/








