তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘নির্বাচনে সেনাবাহিনীকে দায়িত্বে দেওয়ার যে প্রস্তাব খালেদা জিয়া করেছেন তা সেনাবাহিনীকে বিতর্কিত করার উদ্দেশ্যেই দিয়েছেন। সাংবিধানিকভাবে নির্বাচন যথাসময়ে হবে। সেই নির্বাচনে কে আসলো আর কে আসলো না সেটি বড় বিষয় নয়।’
সোমবার (২১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতররের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ইনু বলেন, ‘নির্বাচন কমিশন নিয়ে খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাব অসাংবিধানিক। দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টির জন্যই এই প্রস্তাবগুলো দেওয়া হয়েছে। এসব প্রস্তাব গ্রহণযোগ্য নয়। তাই এটি নিয়ে কোনও আলোচনারও প্রয়োজন নেই।’
মন্ত্রী বলেন, ‘জিয়ার আসল এজেন্ডা নির্বাচন না। তিনি দেশে অনিশ্চয়তা ও সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করে দেশকে সংবিধানে বাইরে ঠেলে দিয়ে অস্বাভাবিক, অসাংবিধানিক সরকার আনার অপপ্রয়াসে লিপ্ত আছেন। তার আসল উদ্দেশ্য যুদ্ধাপরাধী ও জঙ্গিদের রক্ষা করা এবং নিজের ও তার ছেলের বিরুদ্ধে চলমান বিচার কার্যক্রম বন্ধ করা।’
তিনি আরো বলেন, ‘খালেদা জিয়ার প্রস্তাবনা সব বিবেচনায় অযৌক্তিক, অবাস্তব, অসাংবিধানিক ও অস্বাভাবিক। তার প্রস্তাবনা আলোচনার কোনও সূত্র বা ভিত্তি হতে পারে না।’ তিনি দেশবাসীকে খালেদা জিয়ার রাজনৈতিক অনিশ্চয়তা ও সাংবাধিকনিক সংকট সৃষ্টির পায়তারার বিরুদ্ধে অতীতের মতো সজাগ থাকার আহ্বান জানান।
/এসআই/এসটি/








