আইনশৃঙ্খলা বাহিনীর সাম্প্রতিক অভিযান ও অনুসন্ধানে জঙ্গিদের অর্থায়নের সঙ্গে বিভিন্ন পেশার মানুষের সম্পৃক্ততা পাওয়ায়, জঙ্গি সংগঠনের অর্থের উৎস নিয়ে বিতর্ক হচ্ছে। প্রশ্ন উঠেছে, এসব অর্থ দেশি, নাকি বিদেশ থেকে আসছে? তবে এবিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও বিশেষজ্ঞদের মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে।
সম্প্রতি র্যাবের অভিযানে নিহত হয় জেএমবির মূল অর্থদাতা আব্দুর রহমান। ঠিকাদারের ছদ্মবেশে সে মূলত জঙ্গিদের অর্থ সংগ্রহ ও যোগান দেওয়ার কাজ করত। তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। সঙ্গে উদ্ধার করা হয়েছে একটি তালিকা। এছাড়া রাজশাহী থেকে গণপূর্ত বিভাগের দুই প্রকৌশলীকে গ্রেফতার করে র্যাব। তাদের বিরুদ্ধেও জঙ্গি সংগঠনে অর্থায়নের অভিযোগ রয়েছে।
এক ‘করপোরেট’ দম্পতির বিরুদ্ধেও জঙ্গি অর্থায়নের তথ্য পেয়েছে গোয়েন্দারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই অভিযোগ অনুসন্ধান করছে পুলিশের পৃথক তিনটি সংস্থা। আলোচিত এই দম্পতি হলো এজাজ ইসলাম ও তার স্ত্রী ফারাহ শারমিন। এজাজ গ্রামীণ ফোনের উপ-পরিচালক। আর তার স্ত্রী প্রাইম ব্যাংক লিমিটেডের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার অপারেশন হিসেবে রাজধানীর সাত মসজিদ রোড শাখায় কর্মরত রয়েছেন।
এছাড়া, বিভিন্ন সময় নানা পেশার মানুষের জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। এরমধ্যে চিকিৎসক, শিক্ষক ও এনজিও কর্মীও রয়েছে।
তবে জঙ্গি অর্থায়ন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও বিশেষজ্ঞদের ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। কেউ দাবি করছেন, যেভাবে জঙ্গি অর্থায়ন হচ্ছে তাতে মনে হচ্ছে,জঙ্গিরা দেশের মধ্য থেকেই অর্থ সংগ্রহ করছে। কারণ, বর্তমানে যেসব নাম বেরিয়ে আসছে, তাদের টাকার কোনও অভাব নেই।
তবে গুলশান হামলার ঘটনায় ব্যবহৃত অর্থের বিষয়ে কাউন্টার টেরোরিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানিয়েছেন, ‘এই হামলায় ব্যবহৃত অর্থ মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র থেকে হুন্ডির মাধ্যমে এসেছে।’
র্যাবের দাবি, গুলশান হামলার সব অর্থ দিয়েছিল আব্দুর রহমান। আব্দুর রহমানই জেমএবির মূল অর্থদাতা।
এবিষয়ে জানতে চাইলে নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম. সাখাওয়াত হোসেন বলেন, ‘অর্থ দেশি বা বিদেশি, যেভাবেই আসুক, তা ব্যবহার হচ্ছে। এটা প্রতিরোধ করতে হবে।’
/এআরআর/ এপিএইচ/
আরও পড়ুন:
জঙ্গি অর্থায়নের অভিযোগ এক ‘করপোরেট’ দম্পতির বিরুদ্ধে
জঙ্গি আব্দুর রহমানের লাশ আঞ্জুমানে হস্তান্তর








