বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহী ইরাক। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলামের কাছে এ আগ্রহ প্রকাশ করেন ইরাকের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. সালমান আল জানাবি। মঙ্গলবার সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আগ্রহ প্রকাশ করেন।
প্রাবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধাদক্ষ কর্মী নেওয়ার ব্যাপারে বাংলাদেশস্থ ইরাকের চার্জ দ্য অ্যাফেয়ার্সের মাধ্যমে সে দেশের সরকারকে অনুরোধ জানান। একই সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রী বাংলাদেশি কর্মীদের ইরাকে চাকরিসহ অন্যান্য সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণের জন্যও ইরাকের সরকারের প্রতি আহ্বান জানান।
ইরাকের চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, ‘ইরাকের যে সব এলাকায় শান্তি বিরাজ করছে এবং কোনও গোলযোগ নেই সে সব এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ সরকার হাতে নিয়েছে। এ উন্নয়ন কাজে বাংলাদেশের কর্মীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ থেকে এখন আরও বেশি কর্মী নেওয়া হবে। তাদের সার্বিক নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহ দেখা হবে।’ বাংলাদেশের কর্মীদের ইরাকে কাজের সুনাম রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য যে, এ পর্যন্ত ইরাকে প্রায় ৪৩ হাজার কর্মী বাংলাদেশ থেকে কর্মসংস্থানের উদ্দেশ্যে গিয়েছেন। ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় সাড়ে ৪ হাজার কর্মীর ইরাকে কর্মসংস্থান হয়েছে।
সাক্ষাৎকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহার, অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
/সিএ/এমএনএইচ/








