আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বর্তমান সরকার আইনের শাসনের প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা সম্পর্কে অত্যন্ত সচেতন।’ তিনি বলেন, ‘আইনজীবীদের মর্যাদা ক্ষুণ্ন হলে আইনের শাসনের প্রতি বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।সেজন্য সরকার তাদের মর্যাদা বাড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা আইনজীবী সমিতির ভবন নির্মাণসহ আইনজীবীদের কল্যাণে সরকার নানাবিধ কাজ করে যাচ্ছে।’
বৃহস্পতিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত খুলনা ও বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ভবন নির্মাণের জন্য মোট ৭ কোটি ৫৫ লাখ ৪২ হাজার টাকার মঞ্জুরিপত্র প্রদান অনুষ্ঠানে আইনমন্ত্রী এ কথা বলেছেন। মঞ্জুরিকৃত এ অর্থ থেকে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ৬ তলা ভবন নির্মাণের জন্য ৪ কোটি ৪৪ লাখ ৩ হাজার টাকা এবং খুলনা আইনজীবী সমিতির ৬ তলা ভিত বিশিষ্ট ৪ তলা ভবন নির্মাণের জন্য ৩ কোটি ১১ লাখ ৪২ হাজার টাকা ব্যয় করা হবে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের কাজ চলছে।’ বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের অর্থ উদ্ধারের বিষয়ে আসন্ন ফিলিপাইন সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী ৩০ নভেম্বর দেশে ফিরেই তিনি ফিলিপাইন সফরের সফলতা বা ব্যর্থতা জানাবেন।’
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো.জহিরুল হক, যুগ্ম-সচিব বিকাশ কুমার সাহা ও গোলাম সারোয়ারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং খুলনা ও বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
/এসআই/ এপিএইচ/








