ইংরেজি মাধ্যম স্কুলের টিউশন ফি’র ওপর আরোপ করা সাড়ে ৭ শতাংশ ভ্যাট অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মুজিবর রহমান মিয়ার বেঞ্চ রিট নিষ্পত্তি করে এ আদেশ দেন।
এ বিষয়ে আদালতে শুনানি করেন শাহদীন মালিক।
এর আগে ইংরেজি মাধ্যম স্কুলের টিউশন ফি’র ওপর আরোপ করা সাড়ে ৭ শতাংশ ভ্যাট স্থগিত করেছিলেন হাইকোর্ট। দুই অভিভাবকের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে গতবছর ১৭ সেপ্টেম্বর বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ ছয়মাসের জন্য কর আরোপের সিদ্ধান্ত স্থগিত করেন।
আইনজীবী শাহদীন মালিক সাংবাদিকদের বলেন, শিক্ষার ওপর কেউই এখন ভ্যাট না দিলে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা কেন দেবে? আদালত শুনানি নিয়ে ৭ দশমিক ৫ শতাংশ কর আরোপের সিদ্ধান্ত ছয় মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন। রুলে সরকারের কর আরোপের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চেয়েছিলেন হাইকোর্ট।
তিনি আরও জানান, ২০১২ সালে সরকার ৪ দশমিক ৫ শতাংশ করারোপ করে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের টিউশনের ওপর। গতবছর তা বাড়িয়ে ৭ দশমিক ৫ শতাংশ করা হয়। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সানবীম ও সানিডেল স্কুলের দুই শিক্ষার্থীর অভিভাবকরা রিটটি দায়ের করেন।
/ইউআই/এসটি/








