অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা সরকারি উদ্যোগে গেজেট আকারে প্রকাশ করা নিয়ে মন্ত্রণালয়ের দুই সচিবকে তলব করে উচ্চ আদালতের নির্দেশনা বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এ বিষয়ে যার করণীয় তা রাষ্ট্রপতির দফতর থেকে সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে। এ নিয়ে মন্ত্রণালয়ের আর কিছুই করণীয় নেই।
সোমবার নিজ দফতরে আয়োজিত জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ইতোমধ্যে নিম্ন আদালতের বিচারকদের জন্য সুপ্রিম কোর্ট প্রস্তাবিত আচরণ ও শৃঙ্খলাবিধির খসড়া গেজেট আকারে প্রকাশের প্রয়োজন নেই বলে এক পরিপত্রে জানিয়েছে আইন মন্ত্রণালয়। রবিবার (১২ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বারবার সময় দেওয়ার পরও অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা সরকার গেজেট আকারে প্রকাশ না করায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে আদালতে হাজির হতে বলেছিলেন প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আট বিচারপরিত আপিল বেঞ্চ।
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের বিদেশে থাকায় গেজেট প্রকাশের জন্য এক সপ্তাহ সময় নেয় রাষ্ট্রপক্ষ। আদালত ৭ ডিসেম্বরের মধ্যে গেজেট আদালতে দাখিল করার জন্য সরকারকে নির্দেশ দেন।
/এসআই/এইচকে/








