পর্ন সাইট বন্ধে দৃঢ় প্রত্যয়ের কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে স্থানীয়ভাবে পরিচালিত পর্ন সাইটগুলো বন্ধ করতে করতে হবে বলে জানান তিনি। আর আন্তর্জাতিক পর্ন সাইটগুলোতে যারা প্রবেশ করবেন তাদের পরিচয় প্রকাশের কৌশল গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সোমবার বাসসের সঙ্গে আলাপের সময় এসব কথা বলেন তারানা হালিম।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী পর্ন সাইট বন্ধে দৃঢ় সংকল্পের কথা জানিয়ে বলেন, এর আগেই ডাক ও টেলিযোগাযোগ বিভাগ গঠিত কারিগরি কমিটিকে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে পরিচালিত পর্ন সাইটগুলো বন্ধের উপায় খুঁজতে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘ইন্টারনেট সেবা দানকারীদেরকে দেশের অভ্যন্তরে পরিচালিত পর্ন সাইটগুলো বন্ধ করতে হবে।’
আন্তর্জাতিক পর্ন সাইটগুলোর বিষয়ে তিনি বলেন, ‘এসব সাইটের ক্ষেত্রে আমরা এমন একটি কৌশল গ্রহণের ওপর গুরুত্ব দিচ্ছি যাতে এসব সাইটে প্রবেশকারীদের পরিচয় আমাদের কাছে প্রকাশ পাবে। তাই পরিচয় প্রকাশ হওয়ার ভয়ে পর্ন সাইটে প্রবেশে বিরত থাকবে।’
সব পর্ন সাইট বন্ধ করা সম্ভব কিনা, এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘কথা মনে রাখতে হবে যে, আমরা একশ ভাগ সাইট বন্ধ করতে পারব না। কিন্তু আমরা যদি ৮০ শতাংশও বন্ধ করতে পারি তাহলে সেটা হবে আমাদের জন্য বিরাট অর্জন।’
এর আগে পর্নগ্রাফি ও ‘আপত্তিজনক কনটেন্ট’ ছড়ায় এমন সাইটগুলোর একটি তালিকা তৈরির জন্য ২৮ নভেম্বর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে পর্নোগ্রাফি ও সাইবার স্পেসে নেতিবাচক বিষয়গুলো সম্পর্কে একটি সুপারিশমালা প্রণয়ন করতে বলা হয়েছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী জানান, পর্ন সাইটগুলো বন্ধে সুনির্দিষ্ট কারিগরি প্রস্তাবনা ও সুপারিশ দেওয়ার জন্য কমিটিকে বলা হয়েছে। এই কমিটি কাজ করছে এবং গঠনের ১৫ দিনের মধ্যে পর্ন সাইটগুলোর তালিকা ও কারিগরি প্রস্তাবনা ও সুপারিশ জমা দেবে কমিটি। বাসস
/টিআর/








