প্রধানমন্ত্রীর ছেলে ও তার প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র মামলায় জামিন নিলেন সাংবাদিক শফিক রেহমান। বুধবার সকালে তিনি আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিন নেন।
ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর আদালতে সকাল ১১টার দিকে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন শফিক রেহমান। তার আইনজীবী মো. সানাউল্লাহ মিয়া শুনানি করেন। শুনানি শেষে আদালত পুলিশ রিপোর্ট দেওয়া পর্যন্ত তার জামিনের আবেদন মঞ্জুর করেন।
আপিল বিভাগ আগস্ট মাসে শফিক রেহমানকে তিন মাসের জন্য জামিন দেন। ৩০ নভেম্বর সেই জামিনের মেয়াদ শেষ হয়েছে। জামিনের মেয়াদ বাড়াতে ৮ ডিসেম্বর তারিখে আপিল বিভাগে গিয়েছিলেন শফিক রেহমান। প্রধান বিচারপতি এসকে সিনহা তাকে নিম্ন আদালতে আত্মসমপর্ণ করে জামিন আবেদন করতে বলেন।
জামিন শুনানিতে সানাউল্লাহ মিয়া আদালতকে বলেন, এই মামলার আসামি শফিক রেহমানকে ৮ ডিসেম্বর মাননীয় আপিল বিভাগ গিয়েছিলেন। আপিল বিভাগ তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। এজাহারে নাম না থাকার পরও আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আদালতে আত্মসমর্পণ করেন।
/এসআইটি/এসটি/








