বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জানিয়েছেন, তিনি মামলায় হাজিরা, শারীরিক অসুস্থতা এবং অন্যান্য ব্যস্ততার কারণে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনি প্রচারণায় যেতে পারেননি। সোমবার রাতে তার প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত নারায়ণগঞ্জ নির্বাচন উপলক্ষে এক বিবৃতিতে খালেদা জিয়া এ কথা জানান।
যদিও সোমবার বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করে বলেন, ‘খালেদা জিয়া নারায়ণগঞ্জবাসীর কাছে যাতে ভোট চাইতে না পারেন, সেজন্য নির্বাচন কমিশন ও সরকার পরিকল্পিতভাবে ৭২ ঘণ্টা আগে বহিরাগতদের প্রবেশে বিধি-নিষেধ আরোপ করেছে। যা কোনোভাবেই প্রত্যাশিত ছিল না।’
বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘সমস্যার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও আমার পক্ষে সশরীরে এই নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জবাসীর মাঝে উপস্থিত হওয়া সম্ভব হয়নি। তবে আমাদের দল ও জোটের শীর্ষ পর্যায়ের নেতারা আপনাদেরকে আমার সালাম ও অনুরোধ পৌঁছে দিয়েছেন।’
এ বিষয়ে চলতি মাসের শুরুতে বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেনকে উদ্ধৃত করে বাংলা ট্রিবিউন জানিয়েছিল, নাসিক নির্বাচনের প্রচারণায় খালেদা জিয়ার নারায়ণগঞ্জে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ মুহূর্তে নাসিক প্রচারণায় যাওয়া বাতিল করলেন খালেদা জিয়া।
এসটিএস/ এপিএইচ/
আরও পড়ুন: নারায়ণগঞ্জ আসছেন না খালেদা জিয়া








