উজবেকিস্তানের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল মঙ্গলবার বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক’র সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাত করেছেন ।
সাক্ষাৎকালে দু’দেশের বস্ত্র ও পাট শিল্পের দ্বিপাক্ষিক বাণিজ্য ও এর অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সচিব এম এ কাদের সরকার, বিটিএসসি চেয়ারম্যান জনাব বিগ্রেডিয়ার জেনারেল মো. বায়জিত সারোয়ার, বস্ত্র পরিদফতরের পরিচালক ইসমাইল হোসেনসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, উজবেকিস্তানের প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি গর্ভনর অব সামারকান্দ আব্দুল মাজিদ, ডেপুটি চিফ অব ওয়াটার অ্যান্ড এগ্রিকালচার ডেভলপমেন্ট ফিরোজ এবিলাভ, হেড অব অ্যাডমিনিস্ট্রেশন অব অরগুট ডিসট্রিক্ট মামাত টুরডিভ ,ডিরেক্টর অব রিজিওনাল ব্রাঞ্চ অব ন্যাশনাল ব্যাংক অব উজবেকিস্তান অলটিবয় টুরসুনভ প্রমুখ।
বাণিজ্যিক প্রতিনিধিরা বলেন, বাংলাদেশকে বন্ধুপ্রতীম দেশ হিসেবেই ভাবে উজবেকিস্তান। দেশ দুটির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুধু অর্থনৈতিকই নয়, ঐতিহাসিকও বটে। তারা বলেন, দু’দেশের নিয়মিত বাণিজ্য বাড়ানোর মাধ্যমে এ সম্পর্ক আরও জোরদার হচ্ছে। সেজন্য তারা বস্ত্র ও পাটখাতে বাংলাদেশের সঙ্গে ব্যবসায় বাণিজ্য সম্প্রসারণ ঘটাতে চান।
জবাবে পাট ও বস্ত্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বস্ত্র ও পাটশিল্পের প্রতি খুবই আন্তরিক। তার আন্তরিকতা ও গতিশীল নেতৃত্বে বিশ্ববাজারে বস্ত্রখাতে ‘বাংলাদেশ’ একটি ব্রান্ডে পরিণত হয়েছে। এ খাতকে আরও প্রতিযোগিতা সক্ষম ও আধুনিক করতে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ হাতে নিয়েছে। এছাড়াও পাটের অভ্যন্তরীণ ব্যবহার বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে পাটের চাহিদা ব্যাপক বৃদ্ধি পাওয়াতে সরকারি পাটকলগুলো দ্রুতই লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে । এছাড়াও সরকারি পাটকলের পুরোনো মেশিনের বদলে আধুনিক মেশিন সংযুক্তের কাজ শিগগিরই করা হবে।’
/এসআই/টিএন/








