নির্বাচন আচরণ বিধি অনুযায়ী প্রচারণা বন্ধ থাকায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী নিজ বাসায় বসে হোম ওয়ার্ক করছেন। বুধবার তিনি সারাদিন বাসা থেকে বের হননি। সকাল থেকেই নারায়ণগঞ্জের দেওভোগের আলী আহামাদ চুনকা সড়কের ১৭৯/২ নম্বর বাড়ির তিন তলায় অবস্থান করছেন তিনি।
বেলা সাড়ে ১১টার পরে কিছু সময়ের জন্য তিনি বাসার তিন তলা থেকে নিচ তলায় নেমে আসেন। এ সময় বাড়ির সামনে খোলা জায়গায় দলীয় নেতা কর্মীরা দেখা করতে এলেও তিনি সবাইকে সময় দেননি।
এদিকে পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা তার বাড়ি এবং তার নিরাপত্তায় নিয়োজিত রয়েছে বলে দেখা গেছে। যদিও আগে থেকে তার বাড়িতে পুলিশের একটি ছোট ক্যাম্প আছে। এর বাইরে নির্বাচনকে কেন্দ্র করে বাড়তি পুলিশ দায়িত্ব পালন করছে। সকাল থেকেই দারোয়ান ভবনে কাউকে প্রবেশের অনুমতি দিচ্ছেন না। তবে ঘনিষ্ঠরা আলোচনা সাপক্ষে আইভীর সঙ্গে দেখা করছেন।
বেলা সাড়ে ১২টার দিকে ভবনের নিচ তলার পেছনের দিকে নেমে আসেন আইভী। সেখান থেকেই নেতাকর্মীদের সালামের জবাব দিচ্ছেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন কেন্দ্রে দলীয় এজেন্টদের তালিকা আইভীকে দেখিয়ে অনুমোদন নিয়ে যাচ্ছেন।
পরে বেলা ১টার পর আইভী আবারও ভবনের তিন তলায় নিজ কক্ষে চলে যান।
এদিকে, বাড়ির ভেতরেই তার ব্যবহৃত দুটি গাড়ি (ঢাকা মেট্রো-ঘ-১১-৮৫৫৩ এবং ঢাকা মেট্রো-গ-৩৫-৭৭৭১) রাখা আছে। চার তলা ভবনের নিচতলায় প্লে-পেন ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে।
এদিকে, আইভীর বাড়ির সামনে বিভিন্ন প্রার্থীর পোস্টার সাঁটানো দেখা গেছে। যেখানে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেনসহ অন্য প্রার্থীদের পোস্টারও দেখা গেছে।
আইভীর বাসার সামনের একটি কনফেকশনারি দোকানের কর্মচারী কামরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, ‘সকাল থেকে অনেক সাংবাদিক ও দলীয় নেতাকর্মীরা ম্যাডামের সঙ্গে দেখা করতে এসেছেন। কিন্তু, আপা কাউকেই সময় দেননি। ফলে তারা ফেরত যান।’
আইভীর বাসার দারোয়ান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভেতরে প্রবেশে ম্যাডামের নিষেধ আছে। আজকে কেউ ভেতরে যেতে পারবেন না। সকাল থেকে অনেকে এসেছেন কিন্তু তিনি কারও সঙ্গে দেখা করছেন না।’
বাসার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্য আব্দুস সালাম বলেন, ‘নিরাপত্তার জন্য আগে থেকে এখানে পুলিশের একটি দল স্থায়ীভাবে কাজ করছে। নির্বাচনকে কেন্দ্রে করে এখন শিফটের দায়িত্ব পালন করছি। তিনি প্রার্থী হওয়ার পর থেকে গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন।’
আইভীর গাড়ির ড্রাইভার বলেন, ‘কাল রাতে প্রচারণা শেষে ফেরার পর তিনি বাসা থেকে আর বের হননি। আমি সকাল থেকে ডিউটিতে আছি। তিনি বের হবেন কিনা তা আমি জানি না।’
/এসআই/এসএনএইচ/টিএন/








