কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী রাষ্ট্রপতিকে বলেছেন, বর্তমান সংসদকে তারা জনসমর্থনহীন ও অনাস্থার সংসদ মনে করেন। এই সংসদের ১৫৩ জন সদস্য অনির্বাচিত। তাই এই সংসদে প্রণীত কোনও আইন দিয়ে তারা নতুন নির্বাচন কমিশনের (ইসি) গঠন চান না।
নতুন করে নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনার ধারাবাহিকতায় গতকাল নিজ দল কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিনিধি দলের নেতা হিসেবে রাষ্ট্রপতিকে এসব কথা বলেছেন কাদের সিদ্দিকী। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা শেষে বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বঙ্গভবন থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় কাদের সিদ্দিকী বলেন, ‘অনেকে মনে করেন, রাষ্ট্রপতির ক্ষমতা নেই। আমাদের বা রাষ্ট্রপতির সৌভাগ্য যে সংবিধানে ১১৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে ইসি গঠনে রাষ্ট্রপতির জন্য কোনও ধরনের বাধ্যবাধকতা নেই। তিনি স্বাধীন ও মুক্তভাবে ইসি গঠন করতে পারেন।’
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাষ্ট্রপতিকে বছরে কমপক্ষে দুই বার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার অনুরোধ করেছেন বলে জানিয়েছেন সাংবাদিকদের। একই আহ্বান তিনি প্রধানমন্ত্রী বরাবরও রেখেছেন।
এর আগে ইসি গঠন ইস্যুতে রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় পার্টির আলোচনায় জাতীয় পার্টির পক্ষ থেকে সংসদে আইন প্রণয়ন করে ইসি গঠনের প্রস্তাব করা হয়। সেই প্রস্তাবের বিরোধিতা করেছে কৃষক শ্রমিক জনতা লীগ। কাদের সিদ্দিকী বলেন, ‘রাষ্ট্রপতিকে আমরা জানিয়েছি যে জনসমর্থনহীন এই সংসদের ওপর আমাদের আস্থা নেই। এই সংসদে ইসি গঠনে কোনও আইন প্রণয়নের প্রয়োজন নেই।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, ‘রাষ্ট্রপতির মনোভাব অত্যন্ত ইতিবাচক ছিল। তিনি একজন পোড় খাওয়া রাজনীতিক। তার চাল-চলন ও কথা-বার্তা সবই রাজনীতিনির্ভর।’ ইসি গঠন উপলক্ষে রাষ্ট্রপতির সংলাপের এই উদ্যোগে ‘শত ভাগ সততা আছে’ বলে মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটির জন্য কারও নাম প্রস্তাব করেছেন কিনা, জানতে চাইলে কাদের সিদ্দিকী বলেন, ‘সার্চ কমিটির জন্য কারও নাম প্রস্তাব করিনি। সার্চ কমিটি করেই হোক আর না করেই হোক, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি যেভাবে ইসি গঠনে কাজ করবেন তার সঙ্গেই আমরা থাকব।’
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন ইস্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগের এই আলোচনা শুরু হয় বিকাল সাড়ে ৪টার দিকে। ওই সময় দলের সভাপতি কাদের সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে পৌঁছায়।
প্রতিনিধি দলে আরও ছিলেন কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন সিদ্দিকী, দলের সেক্রেটারি হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় কমিটির সদস্য প্রিন্সিপাল আবদুর রশীদ, আবদুল হালিম সরকার লাল, হাশমত আলী, ফরিদ আহমেদ প্রমুখ।
/এসটিএস/আরজে/টিআর/








