শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মেয়েরা আর পিছিয়ে নেই। বিভিন্ন ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে তারা। সব ধরনের চ্যালেঞ্জিং কাজে তারা সমান পারদর্শিতা দেখাতে সক্ষম। আর মেধা অন্বেষণে ছেলেদেরে চেয়ে মেয়রাই বেশি এগিয়ে রয়েছে।
ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আজ শনিবার (২৪ ডিসেম্বর) স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন আয়োজিত ‘স্বর্ণকিশোরী জাতীয় কনভেনশন-২০১৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘মেয়েদের জন্য সমান সুযোগ নিশ্চিত করে আমরা প্রমাণ করেছি, ছেলেদের পাশাপাশি মেয়েরাও সব ধরনের চ্যালেঞ্জিং কাজে সমান পারদর্শিতা দেখাতে সক্ষম। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শতকরা ৫১ ভাগ, মাধ্যমিক পর্যায়ে ৫৩ ভাগ এবং উচ্চশিক্ষায় ৪৫ ভাগই এখন মেয়ে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত মেধা অন্বেষণ প্রতিযোগিতায় মেয়েরাই এগিয়ে আছে। প্রতিবছর ১২ জন সেরা মেধাবী শিক্ষার্থীর মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি।’
স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের কার্যক্রমকে স্বাগত জানান মন্ত্রী। মেয়েদের আরও সামনে এগিয়ে নেওয়ার যেকোনও উদ্যোগকেই সরকার সহযোগিতা দেবে বলে আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এবং স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া বক্তব্য রাখেন।
দেশের ৪৯১টি উপজেলা থেকে ফাউন্ডেশনের কিশোরী শিক্ষার্থীরা এ কনভেনশনে অংশ নেন। কিশোরী স্বাস্থ্য উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে ফাউন্ডেশনটি কাজ করছে। দেশের ছয়শ শিক্ষা প্রতিষ্ঠানে এর সদস্য রয়েছে।
/এসএমএ/টিআর/ আপ-এমডিপি/








